ডেটা প্রসেসিং চুক্তি (DPA)
সংস্করণ 2026-11-04 · কার্যকর: ৪ নভেম্বর ২০২৬
আপনার ব্যবসার কাস্টমার, কর্মী ও সাপ্লায়ারের যে তথ্য আপনি Satota Business-এ রাখেন, তা নিয়ে আমরা কী করি আর কী করি না — সহজ ভাষায়। এটি আমাদের ব্যবহারের শর্তাবলীর অংশ।
১. কারা এই চুক্তিতে
•আপনি (ব্যবসা): যে ব্যবসা Satota Business-এ অ্যাকাউন্ট খুলেছে। আপনার কাস্টমার ও কর্মীদের তথ্য কেন ও কীভাবে রাখা হবে, তা আপনি ঠিক করেন — তাই আইনের ভাষায় আপনি তথ্যের "নিয়ন্ত্রক" (controller / data fiduciary)।
•আমরা: Satota Technologies — পঞ্চগড়, বাংলাদেশে নিবন্ধিত একক মালিকানাধীন প্রতিষ্ঠান (ট্রেড লাইসেন্সে নাম: SATATA TECHNOLOGIES, ট্রেড লাইসেন্স নং ৭৭৭৩২৩০২২৬০০১৬৬, পঞ্চগড় সদর)। আমরা আপনার হয়ে তথ্যটি রাখি ও চালাই — আমরা "প্রক্রিয়াকারী" (processor)।
নিজের অ্যাকাউন্ট, বিল আর আমাদের ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহারের তথ্যের ক্ষেত্রে আমরা নিজেরাই নিয়ন্ত্রক; সেটা আমাদের গোপনীয়তা নীতিতে লেখা আছে।
২. কোন তথ্য, কী কাজে
আপনি বা আপনার কর্মীরা সফটওয়্যারে যা লেখেন বা তোলেন: কাস্টমার ও সাপ্লায়ারের নাম, ফোন, ঠিকানা, বাকি-লেনদেন; কর্মীর তথ্য (জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ, ব্যাংক বা মোবাইল ব্যাংকিং নম্বর, বেতন); ইন্টারনেট কাস্টমার, কিস্তির জামিনদার, অনলাইন শপের অর্ডার, হাজিরার সময় ইত্যাদি।
আমরা এই তথ্য ব্যবহার করি শুধু:
•সফটওয়্যার চালাতে — হিসাব, রিপোর্ট, SMS, প্রিন্ট, অ্যাপের সাথে সিঙ্ক
•ব্যাকআপ রাখতে ও হারানো তথ্য ফেরত আনতে
•আপনি সাহায্য চাইলে বা কোনো ত্রুটি ঠিক করতে
•নিরাপত্তা রক্ষা ও অপব্যবহার ঠেকাতে
•বাংলাদেশের আইন বাধ্য করলে
আমরা আপনার ব্যবসার তথ্য বিক্রি করি না, বিজ্ঞাপনে ব্যবহার করি না, আর নিজের অন্য কোনো কাজে লাগাই না।
৩. আপনার নির্দেশেই কাজ
সফটওয়্যারে আপনি যা করেন (এন্ট্রি, সেটিংস, SMS পাঠানো, এক্সপোর্ট, মোছা) — সেটাই আমাদের প্রতি আপনার নির্দেশ। এর বাইরে কিছু করতে হলে আগে আপনাকে জিজ্ঞেস করব। আইন যদি আমাদের অন্যভাবে কিছু করতে বাধ্য করে (যেমন আদালত বা সরকারি সংস্থার বৈধ আদেশ), আইনে নিষেধ না থাকলে আপনাকে আগে জানাব।
৪. গোপনীয়তা ও আমাদের প্রবেশ
•আপনার তথ্য দেখার অধিকার শুধু Satota-র মালিক ও তাঁর অনুমোদিত সহায়তাকারীর, তাও শুধু কাজের প্রয়োজনে; সবাই গোপনীয়তা রক্ষায় বাধ্য।
•সহায়তার জন্য আপনার অ্যাকাউন্টে ঢুকতে হলে সময়-সীমিত "সাপোর্ট সেশন" ব্যবহার হয়; কে, কখন, কতবার ঢুকেছে তা লেখা থাকে।
•কোন ব্যবহারকারী কী বদলেছে, তা অডিট লগে থাকে; সেই লগ পরে বদলানো যায় না।
৫. নিরাপত্তা
•সব সংযোগ HTTPS (TLS) এনক্রিপ্ট করা
•পাসওয়ার্ড bcrypt হ্যাশ করে রাখা; পেমেন্ট গেটওয়ে, SMS ও অন্য চাবি এবং 2FA সিক্রেট AES-256-GCM এনক্রিপশনে
•প্রতি মিনিটের ব্যাকআপ (point-in-time) এনক্রিপ্ট করে সার্ভারের বাইরে; প্রতিদিনের পুরো ব্যাকআপও সার্ভারের বাইরে
•প্রতিটি ব্যবসার তথ্য আলাদা করে রাখা; কর্মীদের জন্য পদবি অনুযায়ী অনুমতি, ঐচ্ছিক 2FA, লগইন থাকা ডিভাইস দেখা ও বের করে দেওয়ার সুবিধা
কোনো ব্যবস্থাই শতভাগ নিরাপদ নয়; আমরা ব্যবস্থাগুলো নিয়মিত উন্নত করি।
৬. সাব-প্রসেসর (যাদের সাহায্য নিই)
সার্ভার, ব্যাকআপ, SMS, ইমেইল ও নোটিফিকেশনের মতো কাজে আমরা কিছু প্রতিষ্ঠানের সেবা নিই। পুরো তালিকা, কে কোন তথ্য পায় আর কোথায়: satotatech.com/sub-processors।
•নতুন কোনো সাব-প্রসেসর যোগ করলে বা বদলালে আগে ঐ পাতায় জানাব; বড় পরিবর্তন হলে অ্যাকাউন্টের মোবাইলে SMS (ইমেইল থাকলে ইমেইলেও) পাঠাব।
•আপত্তি থাকলে জানান; সমাধান না হলে আপনি চুক্তি শেষ করে তথ্য নিয়ে যেতে পারবেন।
•প্রতিটি সাব-প্রসেসর যেন অন্তত এই চুক্তির মতো সুরক্ষা দেয়, সেটা দেখার দায়িত্ব আমাদের।
আপনি নিজে যে সেবা যুক্ত করেন (নিজের SMS গেটওয়ে, bKash/Nagad/SSLCommerz মার্চেন্ট অ্যাকাউন্ট, কুরিয়ার, Meta Pixel, AI-এর নিজের API কী), সেগুলো আপনার নিজের চুক্তিতে চলে; আমরা শুধু আপনার নির্দেশে তথ্য পাঠাই।
৭. তথ্য কোথায় থাকে
•আপনার ব্যবসার চালু তথ্য বাংলাদেশে অবস্থিত একটি ভাড়া করা সার্ভারে থাকে।
•ব্যাকআপ রাখা হয় Cloudflare R2-তে, যা বাংলাদেশের বাইরে; মিনিট-ভিত্তিক ব্যাকআপ পাঠানোর আগেই এনক্রিপ্ট করা হয়।
•মোবাইল ও কম্পিউটার অ্যাপ অফলাইনে কাজের জন্য আপনার ডিভাইসে তথ্যের একটি কপি রাখে।
ব্যক্তিগত তথ্য দেশের বাইরে নেওয়ার বিষয়ে ব্যক্তিগত তথ্য সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ ও তার বিধিমালা যা বলবে, বিধিমালা প্রকাশ হলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা বদলাব এবং আপনাকে জানাব।
৮. তথ্য ফাঁস বা হারালে
আপনার তথ্য অননুমোদিত কেউ দেখেছে, নিয়েছে, বদলেছে বা হারিয়েছে বলে জানতে পারলে আমরা দেরি না করে — জানার ৪৮ ঘণ্টার মধ্যে — আপনাকে ফোন/WhatsApp ও ইমেইলে জানাব: কী হয়েছে, কোন তথ্য, কতজনের, আমরা কী করেছি আর আপনার কী করা উচিত। আইন অনুযায়ী কর্তৃপক্ষ বা আপনার কাস্টমারদের জানাতে হলে প্রয়োজনীয় তথ্য ও সাহায্য দেব।
৯. মানুষের অধিকার রক্ষায় সাহায্য
আপনার কোনো কাস্টমার বা কর্মী নিজের তথ্য দেখতে, ঠিক করতে বা মুছতে চাইলে সফটওয়্যারেই তা করা যায় (খোঁজা, এডিট, মোছা, Export)। দরকার হলে আমরা সাহায্য করব। কেউ সরাসরি আমাদের কাছে এমন অনুরোধ করলে তা আপনার কাছে পাঠিয়ে দেব।
১০. চুক্তি শেষ হলে
•যেকোনো সময় সেটিংস → ডেটা এক্সপোর্ট থেকে সব তথ্য নিয়ে যেতে পারবেন; মেয়াদ শেষ হলেও অ্যাকাউন্ট শুধু-দেখা মোডে থাকে, তথ্য আটকে রাখা হয় না।
•আপনি অ্যাকাউন্ট মুছতে বললে আপনার সাথে নিশ্চিত হয়ে সব তথ্য স্থায়ীভাবে মুছে দেব। ব্যাকআপ থেকে তা নিজে থেকে মুছে যায় সর্বোচ্চ প্রায় ৩০ দিনে।
•আইন কোনো রেকর্ড রাখতে বাধ্য করলে শুধু সেটুকু, শুধু সেই সময় পর্যন্ত রাখা হবে।
১১. আপনার দায়িত্ব
•কাস্টমার ও কর্মীদের তথ্য রাখার বৈধ কারণ থাকা এবং প্রয়োজন হলে তাদের জানানো বা সম্মতি নেওয়া আপনার দায়িত্ব।
•জাতীয় পরিচয়পত্র, ব্যাংক নম্বরের মতো সংবেদনশীল তথ্য শুধু দরকার হলেই রাখুন।
•কোন কর্মী কী দেখতে পারবে, তা পদবি ও অনুমতি দিয়ে ঠিক করুন; পাসওয়ার্ড গোপন রাখুন।
•SMS পাঠানোর আগে প্রাপকের অনুমতি ও আইন মেনে চলুন।
১২. তথ্য চাইলে, দায় ও আইন
আমাদের নিরাপত্তা ব্যবস্থা ও এই চুক্তি মানা হচ্ছে কিনা জানতে চাইলে লিখিত প্রশ্নের উত্তর ও প্রয়োজনীয় কাগজ দেব। দায়ের সীমা ব্যবহারের শর্তাবলী অনুযায়ী (§৭)। এই চুক্তিতে বাংলাদেশের আইন প্রযোজ্য।
১৩. পরিবর্তন ও সম্মতি
নতুন অ্যাকাউন্ট খোলার সময় "শর্তাবলী ও ডেটা প্রসেসিং চুক্তিতে সম্মত" হয়ে আপনি এই চুক্তি গ্রহণ করেন; আগের অ্যাকাউন্টের মালিক ড্যাশবোর্ডের বার্তায় একবার গ্রহণ করেন। কোন সংস্করণ, কবে, কে গ্রহণ করেছেন তা আমরা রাখি।
চুক্তি বদলালে নতুন সংস্করণ এই পাতায় প্রকাশ করব, ৩০ দিন আগে SMS-এ (ইমেইল থাকলে ইমেইলেও) জানাব এবং আবার সম্মতি চাইব।
ডেটা-সুরক্ষার দায়িত্বে: Md Rashidul Islam (স্বত্বাধিকারী)। প্রশ্ন বা অভিযোগ: support [at] satotatech.com · ফোন/WhatsApp 01737934742 · ভাই ভাই প্লাজা, বানিয়াপট্টি রোড, পঞ্চগড়, বাংলাদেশ